জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মিছিল ভাঙল পুলিশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

জাতীয়করণের দাবিতে রাজধানীতে আন্দোলনে নামা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিল পুলিশ লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করলে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারায় তাদের আটকায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে বাধা পেয়ে শিক্ষকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ বলপ্রয়োগে মিছিল ভাঙতে বাধ্য করে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে প্রায় হাজারখানেক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন। তারা অভিযোগ করেন, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলেও কয়েক হাজার বিদ্যালয় বাদ পড়ে যায়। বাদ পড়া এসব প্রতিষ্ঠানের জাতীয়করণে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক দফায় আন্দোলন করেছেন তারা।

শিক্ষকরা জানান, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হলেও এখনও অগ্রগতি হয়নি। এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।