অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ সফরে তিনি মন্দির প্রাঙ্গণে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায়ও যোগ দেন।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গোৎসবকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের মনোবল ও অংশগ্রহণ বাড়াতে এ সফর করেন ড. ইউনূস।
এর আগের দিন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নেতারা তাঁকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। এ সময় ড. ইউনূস জানান, পূজা উপলক্ষে প্রতি বছর ধর্মীয় নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা পূজা উদযাপনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর দেশে এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে এবং সব মণ্ডপেই প্রস্তুতির কাজ জোরেশোরে চলছে।
তারা আরও বলেন, এবারের পূজায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ধর্মীয় নেতারা।
আপনার মতামত লিখুন :