:: নিজস্ব প্রতিবেদক ::
নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে উদ্ধার হলো প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ। শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার বলাকির চর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রাত পৌনে নয়টার দিকে বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার মরদেহ শনাক্ত করেন। ৭১ বছর বয়সী এই সাংবাদিক দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
নদী থেকে লাশ উদ্ধারের পর পুলিশ ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানায়। পরে মরদেহ শনাক্ত করতে ঢাকা থেকে মুন্সিগঞ্জে ছুটে যান স্বজনেরা।
আপনার মতামত লিখুন :