টানা তিন দিনে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বঙ্গোপসাগর থেকে ৩৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে টেকনাফ উপকূল থেকে আরও সাত জেলেকে ট্রলার মাছসহ অপহরণ করা হয়।
এর আগে রোববার একই কায়দায় ১৪ এবং শনিবার ১২ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, কয়েকদিন ধরে আরাকান আর্মি অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করছে। তিনি এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, সোমবার সকালে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়। স্থানীয় ট্রলার মালিক উমর ছিদ্দিকের মালিকানাধীন ওই ট্রলারে সাতজন মাঝিমাল্লা ছিলেন। স্পিডবোটে ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মিয়ানমারের ফাতংজা খালের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
গত বছরের ডিসেম্বর থেকে চলতি আগস্ট পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি মোট ২৪৪ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় এখন পর্যন্ত ১৮৯ জন জেলে এবং ২৭টি ট্রলার ফেরত আনা সম্ভব হয়েছে।
আপনার মতামত লিখুন :