নুরাল পাগলার দরবারে হামলা

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় একজন নিহত


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক মোল্লা বা নুরাল পাগলের দরবারে শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভয়াবহ সহিংসতা ঘটেছে। জুমার নামাজের পর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশের পর উত্তেজিত জনতা দরবার ও নুরাল পাগলের বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। একপর্যায়ে কবর খুঁড়ে মরদেহ পদ্মার মোড়ে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হামলায় দরবারের অনুসারী মো. রাশেল মোল্লা (২৮) নিহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও র‌্যাব মোতায়েন করা হয়। পুলিশ ও প্রশাসনের গাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তত ৫ পুলিশ সদস্য ও ২ কর্মকর্তা আহত হন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন আহতকে আনা হয়েছে, যাদের মধ্যে ১৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পটভূমিতে জানা গেছে, গত ২৩ আগস্ট নুরাল পাগল মারা যান এবং তাকে দরবার প্রাঙ্গণে ১২ ফুট উঁচু বেদিতে দাফন করা হয়। এরপর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’ কবর নিচু করা, রঙ পরিবর্তন ও সাইনবোর্ড অপসারণের দাবি জানিয়ে আসছিল। শুক্রবার সকালে প্রশাসনের মধ্যস্থতায় কিছু দাবি পূরণ হলেও পূর্বঘোষিত বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

আলেম-ওলামাদের অভিযোগ, নুরাল পাগল নিজেকে ‘ইমাম মেহেদি’ দাবি করতেন এবং তার দাফন ইসলামের নিয়ম-বিরুদ্ধভাবে করা হয়েছিল। তবে দরবারের ভক্তরা দাবি করেন, সকল ইসলামি নিয়মকানুন মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।

বর্তমানে গোয়ালন্দ উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।