রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক (২৬) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার পূর্বাচল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত তারেক রূপগঞ্জ সদর ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের লকডাউন সফল করতে রবিবার গভীর রাতে পূর্বাচলের তিনশ’ ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ পাশাপাশি তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেককে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।