৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় রবিবার সকালে কয়েকশ স্থানীয় বাসিন্দা সড়ক অবরোধ করেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধে মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মহাসড়কটি দীর্ঘদিন ধরে ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা, প্রাণহানি। বহুবার দাবি জানানো হলেও সড়ক প্রশস্তকরণে কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

বাসিন্দাদের ভাষায়, দেশের অন্যতম ব্যস্ত এই সড়ক অর্থনীতি, পর্যটন ও রোহিঙ্গা ত্রাণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমের প্রধান রুট হলেও বেশির ভাগ অংশই অস্বাভাবিক সরু, কোথাও ঢালু বা আঁকাবাঁকা। রাতে লবণবাহী ট্রাক চলাচলে সড়ক আরও পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

এর আগে একই দাবিতে গত এপ্রিল মাসে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হলেও পদক্ষেপের অভাবেই স্থানীয়রা ফের রাস্তায় নেমেছেন।