বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাস্থল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। মূল ভেন্যুতে প্রবেশ করতে না পেরে হাজারো মানুষ রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন। এতে জানাজার লাইন কারওয়ান বাজার, বিজয় সরণি, ধানমন্ডি হয়ে আগারগাঁও পর্যন্ত বিস্তৃত হয়।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন দেশের ঊর্ধ্বতন প্রতিনিধি, কূটনৈতিক মিশনের সদস্য, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা ও দাফনকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুরো এলাকাকে একাধিক নিরাপত্তা জোনে ভাগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সরকার বুধবার একদিনের সাধারণ ছুটি এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :