শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, কয়েক জেলায় শীত আরও বাড়ার আশঙ্কা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের ৯ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন স্থায়ী হতে পারে।

শনিবার (৩ জানুয়ারি) আবহাওয়াবিদ হাফিজুর রহমানের পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বেশিরভাগ ক্ষেত্রে অপরিবর্তিত থাকলেও আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহের প্রভাব আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় শীতজনিত দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।