হবিগঞ্জে থানার ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।
এর আগে শায়েস্তাগঞ্জ থানায় ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার সময় মাহদী হাসানের হুমকিমূলক বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে তাকে নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা পরিচয় দিয়ে সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে হুমকি দিতে দেখা যায়।
ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে মাহদী হাসানের বক্তব্যকে সংগঠনের আদর্শবিরোধী উল্লেখ করে তার কাছে লিখিত ব্যাখ্যা তলব করা হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :