দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় আকাশে রহস্যময় আলোর উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে কক্সবাজার, মাদারীপুর ও আশপাশের কয়েকটি এলাকা থেকে অস্বাভাবিক এই আলোকরেখা প্রত্যক্ষ করার পর সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও নানা জল্পনা তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শুক্রবার (৮ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের আকাশে হঠাৎ উজ্জ্বল আলোর একটি রেখা দেখা যায়। কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত স্থায়ী হওয়া এ দৃশ্য দ্রুত স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
স্থানীয় বাসিন্দা হোছাইন মোহাম্মদ মিশুক বলেন, “আমরা সৈকতে বসে ছিলাম। হঠাৎ আকাশে অস্বাভাবিক ধরনের একটি আলো দেখতে পাই। পরে সেটি মোবাইল ফোনে ধারণ করি। বিষয়টি আমাদের কাছে বেশ রহস্যজনক মনে হয়েছে।”
একই সময়ে মাদারীপুর শহর, মোস্তফাপুর ও শিবচর এলাকাতেও অনুরূপ আলোর উপস্থিতির কথা জানিয়েছেন স্থানীয়রা। শিবচরের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, হঠাৎ আকাশে এমন আলো দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। কয়েক মিনিট ধরে আকাশে আলোর গতিবিধি দেখা যায় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ধরনের ব্যাখ্যা সামনে আসতে শুরু করেছে। কেউ একে উল্কাপাত, কেউ স্যাটেলাইট বা মহাকাশযানের আলোকচ্ছটা, আবার কেউ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সম্ভাবনার কথা উল্লেখ করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি বা আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, “এটি আবহাওয়াজনিত কোনো স্বাভাবিক ঘটনা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিবেশী কোনো দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মহাকাশ প্রযুক্তি পরীক্ষার আলোকপ্রভাব হতে পারে।”
বিশেষজ্ঞদের মতে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা রকেট বায়ুমণ্ডলের উচ্চস্তরে প্রবেশ করলে সূর্যাস্ত-পরবর্তী আলো এবং জ্বালানির দহনের কারণে আকাশে উজ্জ্বল আলোকরেখা তৈরি হতে পারে। অতীতেও ভারতের ‘অগ্নি’ সিরিজের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশে অনুরূপ দৃশ্য দেখা গিয়েছিল।
তবে শুক্রবারের এই আলোকচ্ছটার প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য এখনো প্রকাশ হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে অনুসন্ধান চলছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :