বাংলার মুখ ডেস্ক
প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীনের মরদেহকে শেষ শ্রদ্ধা জানাতে তার পরিবার ও ভক্তরা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন। রোববার দুপুর ১২টায় শিল্পীর মরদেহ শহীদ মিনারে আনা হয়। সর্বস্তরের মানুষ সেখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন।
শিল্পীর ছেলে ইমাম নাহিল সুমন জানান, শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মরদেহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়, যেখানে বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ কুষ্টিয়ায় নেয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জেলা কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
ফরিদা পারভীন বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিস এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরের মধ্যে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল তাকে।
গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার গুরুতরতা দেখে তাকে আইসিইউ-তে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, বুধবার থেকে ফরিদা পারভীনের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। তার কিডনি ও ব্রেইন কাজ করছিল না এবং রক্তের সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
ফরিদা পারভীনের মৃত্যুতে বাংলাদেশের সংগীতাঙ্গন গভীর শোকের মধ্যে রয়েছে।
আপনার মতামত লিখুন :