নির্বাচনে বড় জয়ের পেছনে কোনো কৌশলগত কারসাজি নয়, বরং জনগণের কাছে গিয়ে তাদের আস্থা অর্জনই বিএনপির ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’—এমনটাই বললেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন-এর প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসাই ছিল লক্ষ্য, এবং তাতে আমরা সফল হয়েছি।”
দুই শতাধিক আসনে জয় পেতে কোনো অস্বাভাবিক কৌশল প্রয়োগ করা হয়েছে কি না—এ প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই ছিল বিএনপির প্রচেষ্টার কেন্দ্রবিন্দু। ভালো লক্ষ্য অর্জনে পরিশ্রম প্রয়োজন—এ কথাও তিনি যোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে অংশ নেওয়া সব দলকে অভিনন্দন জানান এবং বক্তব্যের শুরুতে ইংরেজি ও পরে বাংলায় কথা বলেন।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই দলের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং শিগগিরই দেশের নেতৃত্ব দেবেন। তিনি নির্বাচনের ফলকে “উদারপন্থী গণতন্ত্রের বিজয়” হিসেবে অভিহিত করেন।
এই বক্তব্যে বিএনপি নেতৃত্বের বার্তা স্পষ্ট—নির্বাচনী সাফল্যের ভিত্তি ছিল মাঠের রাজনীতি ও ভোটারের সমর্থন, কোনো অদৃশ্য সমীকরণ নয়।
আপনার মতামত লিখুন :